প্রাইভেট গাড়ির দাপটে স্তব্ধ কমলপুর-খোয়াই-রাধানগর রুট: সমাধান না মিললে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক পরিবহণ কর্মীদের

গোপল সিং, খোয়াই, ১১ জুলাই || কমলপুর-খোয়াই-রাধানগর রুটে চলাচলকারী বৈধ যাত্রীবাহী পরিবহণ মালিক ও চালকদের তীব্র ক্ষোভের জেরে এক নজিরবিহীন অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে এই রুটের সমস্ত ছোট-বড় যাত্রীবাহী গাড়ির পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো আগাম বিজ্ঞপ্তি ছাড়া হঠাৎ ডাকা এই অনির্দিষ্টকালের ধর্মঘটের জেরে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী, চাকরিজীবী ও ছাত্র-ছাত্রীরা।
আন্দোলনরত বাস, ম্যাক্স এবং সুমো চালকদের মূল অভিযোগ—দীর্ঘদিন ধরে মানিকভান্ডার এলাকা এবং রাধানগর বাসস্ট্যান্ডের সামনে থেকে অল্টো, ওয়াগনারের মতো বিভিন্ন প্রাইভেট (ব্যক্তিগত) গাড়িতে বেআইনিভাবে নিয়মিত যাত্রী তোলা হচ্ছে। এর ফলে সব ধরণের ট্যাক্স ও পারমিট দিয়ে চালানো বৈধ গাড়িগুলি প্রতিদিন যাত্রী হারাচ্ছে এবং চালকদের রুটি-রুজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিক্ষুব্ধ পরিবহণ কর্মীদের আরও অভিযোগ, এই অবৈধ পরিবহণ নিয়ে প্রাইভেট গাড়ির চালকদের সাথে কথা বলতে গেলে তাঁদের উল্টো হুমকি ও ধমকের মুখে পড়তে হচ্ছে। এই চরম অব্যবস্থা নিয়ে বারবার সংশ্লিষ্ট সিন্ডিকেট ও মহকুমা প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও প্রশাসন কোনো কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। প্রশাসনের এই দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা ও উদাসীনতার প্রতিবাদেই শেষ পর্যন্ত ধর্মঘটের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন আন্দোলনকারীরা।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে চালক ও মালিকেরা স্পষ্ট জানিয়ে দেন, যতদিন না পর্যন্ত এই রুটে অবৈধভাবে প্রাইভেট গাড়িতে যাত্রী পরিবহন সম্পূর্ণ বন্ধ হচ্ছে, ততদিন কমলপুর-খোয়াই-রাধানগর রুটে কোনো যাত্রীবাহী গাড়ি চলবে না। এখন মহকুমা প্রশাসন ও পরিবহণ দপ্তর এই অচলাবস্থা কাটাতে কী জরুরি পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*