দীর্ঘ ১৩ বছর পর নতুন পরিচয়ে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’ — নতুন লোগোর আনুষ্ঠানিক আবরণ উন্মোচন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই || ১৩ বছরের সফল পথচলা অতিক্রম করে ১৪তম বছরে পদার্পণ উপলক্ষে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’-এর নতুন লোগোর আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করা হলো শনিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবের কক্ষে। দীর্ঘ ১৩ বছর পর আধুনিক ভাবনা ও নতুন পরিচয়ের প্রতীক হিসেবে প্রকাশ করা হয় এই নতুন লোগো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন লোগোর আবরণ উন্মোচন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফোটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিষেক দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম-এর কর্ণধার ও সম্পাদক শান্তনু চক্রবর্তী।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ নতুন লোগোর মাধ্যমে নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম-এর আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন। তাঁরা বলেন, ডিজিটাল সাংবাদিকতার এই পরিবর্তনশীল সময়ে বস্তুনিষ্ঠ, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এই সংবাদমাধ্যম ইতোমধ্যেই রাজ্যের মানুষের আস্থা অর্জন করেছে। নতুন লোগো সেই অঙ্গীকারকেই আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানের শেষে নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম-এর কর্ণধার ও সম্পাদক শান্তনু চক্রবর্তী উপস্থিত সকল অতিথি, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিতদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি রাজ্যবাসীর উদ্দেশে বলেন,
“গত ১৩ বছর ধরে আপনাদের ভালোবাসা, আস্থা ও অকুণ্ঠ সহযোগিতাই ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’-কে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। নতুন লোগো শুধু একটি নতুন পরিচয় নয়, এটি আমাদের আরও আধুনিক, দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারের প্রতীক। আগামী দিনেও সত্য, নির্ভুল ও জনস্বার্থে সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনাদের আস্থা অটুট রাখতে আমরা বদ্ধপরিকর। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।”

অনুষ্ঠিটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথি ও সাংবাদিকরা নতুন লোগোর জন্য নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম-এর নতুন লোগোটি সৃজনশীল নান্দনিকতা ও আধুনিক ভাবনার সমন্বয়ে ডিজাইন করেছেন বিশিষ্ট গ্রাফিক্স ডিজাইনার সমর্পণ ভট্টাচার্য। তাঁর দক্ষতা, সৃজনশীলতা ও অভিনব নকশার মাধ্যমে নতুন এই লোগোটি প্রতিষ্ঠানের নতুন পরিচয়, আস্থা ও অগ্রযাত্রার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*