মুহুরীপুরে স্বাস্থ্য সচেতনতা শিবিরের উদ্বোধন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় বিশেষ উদ্যোগ

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৩ জুলাই || দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ বিধানসভা এলাকার মুহুরীপুর রাধামাধব মন্দির প্রাঙ্গণে সোমবার শ্রী শ্রী যোগমায়া মা কালী বাড়ি মন্দিরের উদ্যোগে এবং স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এক স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ সমাজ গড়ে তুলতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিবিরের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা এবং সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান। শিবিরে চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ এবং বিভিন্ন স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। এতে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী অশেষ বৈদ্য-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। উপস্থিত অতিথিরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে নিয়মিত স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, এ ধরনের স্বাস্থ্য শিবির গ্রামীণ এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*