হঠাৎ জিবি হাসপাতালে মুখ্যমন্ত্রীর পরিদর্শন, রোগী পরিষেবা আরও উন্নত করতে স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই || রাজ্যের প্রধান সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান জিবিপি হাসপাতালে সোমবার আকস্মিক পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করা এবং রোগীদের সমস্যা সরেজমিনে খতিয়ে দেখতেই তাঁর এই সফর।
পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও পরিষেবা ঘুরে দেখেন। তিনি সেখানে চিকিৎসাধীন রোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে হাসপাতালের পরিষেবা সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা ও মতামত শোনেন। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন দিক পর্যালোচনা করে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং পরিষেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
মুখ্যমন্ত্রী বলেন, জিবিপি হাসপাতাল রাজ্যের মানুষের অন্যতম আস্থার কেন্দ্র। গত কয়েক বছরে এই হাসপাতালের স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে জনগণের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হাসপাতালের আধুনিক অবকাঠামো আরও শক্তিশালী ও সম্প্রসারণের বিষয়ে রাজ্য সরকার পরিকল্পনা করছে।
তিনি জানান, উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে। আধুনিক প্রযুক্তি, উন্নত পরিকাঠামো এবং রোগীবান্ধব পরিষেবা গড়ে তোলার মাধ্যমে জিবিপি হাসপাতালকে আরও কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যেই সরকার অগ্রসর হচ্ছে।
মুখ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায়। স্বাস্থ্য পরিষেবার গুণগত মান আরও বৃদ্ধিতে সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন হাসপাতাল-সংশ্লিষ্টরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*