এবিভিপি মোহরছড়া স্কুল শাখার উদ্যোগে কৃতি বিদ্যার্থী সংবর্ধনা: ৬০% নম্বর প্রাপকদের হাতে তুলে দেওয়া হলো পুরস্কার

গোপল সিং, খোয়াই, ১৩ জুলাই || অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কমলনগর নগর শাখার অন্তর্গত মোহরছড়া স্কুল শাখার পক্ষ থেকে এক বর্ণাঢ্য কৃতি বিদ্যার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬০% বা তার বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়া এলাকার সমস্ত কৃতি ছাত্র-ছাত্রীদের এই অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয়। কৃতিদের পুরস্কার বিতরণী এবং মনজ্ঞ নৃত্য ও গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে সমগ্র কর্মসূচিটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। বিদ্যার্থী পরিষদের এই বর্ণিল আয়োজনের মূল উদ্দেশ্য হলো—মেধাবী শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাকে সমাজের সামনে তুলে ধরা এবং তাদের সাফল্যের উপযুক্ত স্বীকৃতি দিয়ে উৎসাহিত করা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে একটি দক্ষ ও দায়িত্বশীল সমাজ গঠনে অগ্রণী নাগরিক হিসেবে ভূমিকা পালন করবে।
মোহরছড়া স্কুল শাখার এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিয়া ঋষি দাস, ত্রিপুরা প্রদেশ রাষ্ট্রীয় কলা মঞ্চের কনভেনার, বিপ্রজিত দাস, খোয়াই জেলা সংযোজক, হিমান সরকার, কমলনগর নগর শাখার সম্পাদক তথা স্টেট সোশ্যাল মিডিয়া টিমের সদস্য, সরজিৎ দাস, মোহরছড়া বিদ্যালয় কমিটির সম্পাদক, সমরজিৎ চৌধুরী, মোহরছড়া স্কুল কমিটির সভাপতি। এছাড়াও সংগঠনের অন্যান্য প্রমুখ কার্যকর্তা ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিত্বরা এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন। নিজেদের স্কুল প্রাঙ্গণে ও সংগঠনের পক্ষ থেকে এমন গৌরবময় সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সংবর্ধিত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকেরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*