বলরাম দেবনাথ, সাব্রুম, ১৫ জুলাই || দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমা শহরে শিশুশ্রম রোধে বৃহস্পতিবার রাজ্য শ্রম দপ্তরের উদ্যোগে একটি আচমকা তল্লাশি অভিযান পরিচালিত হয়। শহরের বিভিন্ন রেস্তোরাঁ, মিষ্টির দোকানের কারখানা এবং গাড়ি মেরামতের গ্যারেজে চালানো এই অভিযানে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, দুপুর প্রায় ১২টা নাগাদ সাব্রুমের শ্রম পরিদর্শক সুজিত দে-র নেতৃত্বে অভিযান শুরু হয়। আইন-শৃঙ্খলা বজায় রাখা ও প্রশাসনিক সহযোগিতার জন্য অভিযানে উপস্থিত ছিলেন সাব্রুম থানার সাব-ইন্সপেক্টর আশীষ দে।
অভিযান চলাকালীন শ্রম দপ্তরের দল শহরের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে চিরুনি তল্লাশি চালায় এবং দোকান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে শিশুশ্রম (নিষিদ্ধকরণ ও নিয়ন্ত্রণ) সংক্রান্ত আইন সম্পর্কে সচেতন করেন। শ্রম পরিদর্শক সুজিত দে স্পষ্টভাবে জানান, অপ্রাপ্তবয়স্ক শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ কিংবা বাণিজ্যিক কাজে নিয়োজিত করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রম পরিদর্শক সুজিত দে বলেন, “সাব্রুম মহকুমাকে শিশুশ্রমমুক্ত করতে শ্রম দপ্তর বদ্ধপরিকর। তাই আগামী দিনেও এ ধরনের আচমকা তল্লাশি অভিযান নিয়মিতভাবে চালানো হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।”
শ্রম দপ্তরের এই কঠোর পদক্ষেপে শহরের বিভিন্ন ব্যবসায়ী ও দোকান মালিকদের মধ্যে সতর্কতা বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের আশা, ধারাবাহিক অভিযান ও সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে সাব্রুম মহকুমায় শিশুশ্রম সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে।
