নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১৬ জুলাই || দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার অন্তর্গত মনুবাজারে বৃহস্পতিবার পবিত্র রথযাত্রার শুভ লগ্নে গণপতি সোলার এজেন্সির সাব্রুম মহকুমা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কেন্দ্র সরকারের পিএম সূর্য ঘর যোজনা-র আওতায় এই নতুন শাখা চালু হওয়ায় এলাকাবাসীর কাছে সৌরবিদ্যুৎ সংক্রান্ত পরিষেবা আরও সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির শুভ উদ্বোধন করেন ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সমীর পাল, পার্থ চক্রবর্তী এবং গণপতি সোলার এজেন্সির অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের পিএম সূর্য ঘর যোজনার বিভিন্ন সুবিধা তুলে ধরে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন বিদ্যুৎ বিল কমানো সম্ভব, অন্যদিকে পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়।
অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন, সাধারণ মানুষের বিদ্যুৎ ব্যয় হ্রাস এবং বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে পিএম সূর্য ঘর যোজনা একটি যুগান্তকারী উদ্যোগ। তিনি রাজ্যের সকল নাগরিককে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করে নিজেদের বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের আহ্বান জানান। তাঁর মতে, এই উদ্যোগ ভবিষ্যতে পরিচ্ছন্ন ও টেকসই শক্তি ব্যবহারের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবগঠিত এই শাখা চালু হওয়ায় সাব্রুম মহকুমার বাসিন্দারা এখন স্থানীয় পর্যায়েই পিএম সূর্য ঘর যোজনার নিবন্ধন, পরামর্শ এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন পরিষেবা সহজে গ্রহণ করতে পারবেন। স্থানীয়দের মতে, এই উদ্যোগ নবায়নযোগ্য শক্তির প্রসারে যেমন সহায়ক হবে, তেমনি এলাকার উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।
