শান্তিবাজার থানার এএসআইয়ের গাড়ির ধাক্কায় কলাছড়ায় মর্মান্তিক দুর্ঘটনা: নিহত ১, আহত এক নাবালিকা

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০৩ আগস্ট || দক্ষিণ ত্রিপুরার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু এবং এক নাবালিকা আহত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কলাছড়া এলাকার বাসিন্দা সবিতা দাস (প্রায় ৪৫) প্রতিদিনের মতো রবিবার সকালেও বাড়ির গেট খুলে প্রাতঃভ্রমণে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে প্রতিবেশীর এক নাবালিকা কন্যাও ছিল। অভিযোগ, আগরতলা থেকে সাব্রুমগামী একটি নতুন ওয়াগনার গাড়ি (অস্থায়ী নম্বর: TR9400C) নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ওই দুই পথচারীকে সজোরে ধাক্কা মারে। এরপর গাড়িটি রাস্তার ধারের একটি রেস্টুরেন্ট ভেঙে অমূল্য দাসের বাড়িতে ঢুকে পড়ে।
স্থানীয়দের দাবি, গাড়িটি শান্তিবাজার থানার এএসআই পূর্ণ্য ত্রিপুরা চালাচ্ছিলেন। তবে এই দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে সবিতা দাসের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শান্তিবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আহত নাবালিকা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও শোকের পরিবেশ সৃষ্টি হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার জন্য কারও দায় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*