কৃষ্ণনগর স্বামী বিবেকানন্দ মিনি স্টেডিয়ামে নক আউট ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা, উদ্বোধনী ম্যাচে যশমুড়ার জয়

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৩ আগস্ট || দক্ষিণ ত্রিপুরার কৃষ্ণনগর স্বামী বিবেকানন্দ মিনি স্টেডিয়ামে রবিবার সাড়ম্বরে শুরু হলো বহুল প্রতীক্ষিত নক আউট ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচকে ঘিরে ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্টেডিয়ামজুড়ে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শুরু থেকেই উৎসবের আবহ তৈরি হয়।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার বিধায়িকা স্বপ্না মজুমদার। তিনি মাঠে বলে কিক মেরে প্রতিযোগিতার শুভ সূচনা ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌধুরী, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ কর, সমাজসেবী অশেষ বৈদ্য, বিশিষ্ট ব্যক্তিত্ব নকুল পাল, শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপণ বণিকসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বীরচন্দ্র মনু ও যশমুড়া দল। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে। টানটান উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে শেষ পর্যন্ত যশমুড়া দল ১-০ গোলের ব্যবধানে বীরচন্দ্র মনুকে পরাজিত করে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে নিজেদের স্থান নিশ্চিত করে।
ম্যাচজুড়ে উভয় দলের খেলোয়াড়রা চমৎকার ফুটবল নৈপুণ্য প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। উদ্বোধনী দিনের সফল আয়োজন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ঘিরে আগামী খেলাগুলো নিয়েও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*