শ্রাবণের পবিত্র সোমবারে শিব মন্দিরে ভক্তদের ঢল, দিনভর চলছে জলাভিষেক

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৩ আগস্ট || পবিত্র শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সীমান্ত শহর সাব্রুমের শিব মন্দিরে সোমবার সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দেবাদিদেব মহাদেবের আরাধনায় অংশ নিতে ভোর থেকেই নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধাসহ বিভিন্ন বয়সের পুণ্যার্থীরা মন্দিরে উপস্থিত হন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তিভরে দুধ, গঙ্গাজল ও বেলপাতা দিয়ে শিবলিঙ্গে জলাভিষেক করেন তাঁরা।
সকালের প্রথম প্রহর থেকেই মন্দির চত্বর ভরে ওঠে ঘণ্টাধ্বনি, উলুধ্বনি ও ‘হর হর মহাদেব’ ধ্বনিতে। ভক্তদের উপস্থিতিতে গোটা মন্দির প্রাঙ্গণে এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শিবলিঙ্গে জলাভিষেক করতে আসা স্থানীয় পুণ্যার্থী তনুশ্রী ভৌমিক সংবাদমাধ্যমকে জানান, “শ্রাবণ মাসের এই পবিত্র সোমবারে মহাদেবকে স্নান করানোর সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। বাবার কাছে সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেছি।”
মন্দিরের প্রধান পুরোহিত মিহির চক্রবর্তী বলেন, শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই মহাদেবের আরাধনার জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এই দিনে নিষ্ঠার সঙ্গে শিবপূজা ও জলাভিষেক করলে বিশেষ পুণ্য লাভ হয় বলে হিন্দু ধর্মীয় বিশ্বাস। সেই কারণেই প্রতি বছরের মতো এবারও সাব্রুমের শিব মন্দিরে ভক্তদের ব্যাপক সমাগম হয়েছে।
মন্দির কমিটি সূত্রে জানা গেছে, দিনভর পূজা-অর্চনা, জলাভিষেক ও ভক্তদের আগমন অব্যাহত থাকবে। ভক্তদের সুবিধার্থে মন্দির প্রাঙ্গণে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সীমান্ত শহর সাব্রুমে শ্রাবণ মাসের এই পবিত্র সোমবারকে ঘিরে ধর্মীয় আবহে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*