আবারও পুলিশের সাফল্য, চুরি যাওয়া বাইক উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল খোয়াই থানার পুলিশ

গোপাল সিং, খোয়াই, ০৩ আগস্ট || চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করে তা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখল খোয়াই থানার পুলিশ। খোয়াই পুলিশের এই তৎপরতায় স্বস্তি ফিরেছে ভুক্তভোগী যুবকের পরিবারে। ঘটনার বিবরণে জানা গেছে, গত তিনদিন আগে কল্যাণপুর থানাধীন শান্তিনগর মুক্ত চন্দ্র পাড়া এলাকা থেকে TR06A-8297 নম্বরের একটি মোটরবাইক চুরি হয়ে যায়। বাইকটি চুরি হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় খোঁজখবর চালাচ্ছিলেন মালিক। এরই মধ্যে আজ, ২রা আগস্ট ২০২৬, রামচন্দ্রঘাট থেকে ধলাবিল যাওয়ার মূল সড়কের পাশে একটি বাইক পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। খবর দেওয়া হয় খোয়াই থানায়। তথ্য পেয়ে খোয়াই থানার এসআই দেবপ্রসাদ চক্রবর্তী এবং সেকেন্ড অফিসার বিশু রঞ্জন দেববর্মার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিত্যক্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে বাইকের নম্বর ও নথিপত্র খতিয়ে দেখে পুলিশ জানতে পারে যে, উদ্ধার হওয়া বাইকটির প্রকৃত মালিক কল্যাণপুর থানাধীন শান্তিনগর মুক্ত চন্দ্র পাড়ার বাসিন্দা সুপ্রতিম দেববর্মা (২৬), পিতা প্রয়াত শচীন্দ্র দেববর্মা।
এরপর খোয়াই থানার পক্ষ থেকে সুপ্রতিম দেববর্মার সাথে যোগাযোগ করে তাঁকে থানায় ডেকে পাঠানো হয় এবং আইনি প্রক্রিয়া শেষে আজই তাঁর চুরি যাওয়া বাইকটি তাঁর হাতে তুলে দেওয়া হয়। তিনদিনের মাথায় হারিয়ে যাওয়া প্রিয় বাইকটি অক্ষত অবস্থায় ফেরত পেয়ে খোয়াই থানার পুলিশের ভূয়সী প্রশংসা করেন সুপ্রতিম। সেই সাথে নিজের খুশি ব্যক্ত করে তিনি পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*