নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০৩ আগস্ট || পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ ত্রিপুরার থাইবং বাজারে রবিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে সিপিআই(এম)-এর ছোটকিল অঞ্চল কমিটি। বিকেল ৪টায় শুরু হওয়া এই কর্মসূচিতে দলের নেতা-কর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিক্ষোভ মিছিলটি থাইবং বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। পরে বাজার এলাকায় অনুষ্ঠিত হয় এক পথসভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই(এম) সাব্রুম মহকুমা কমিটির সম্পাদক অরুণ ত্রিপুরাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে। তিনি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং জনস্বার্থে গণআন্দোলন আরও জোরদার করার ডাক দেন।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হয়ে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচি চলাকালীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে থাইবং বাজার এলাকা। দলের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের স্বার্থে এ ধরনের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে।
