সাব্রুমে সাংবাদিক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির, প্রকাশিত ‘দক্ষিণ বার্তা’

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০৭ আগস্ট || সাংবাদিক সংগঠনের সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে সাব্রুম টাউন হলে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। সাব্রুম প্রেস মিডিয়া ক্লাব এবং ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (TWJA)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রক্তদান শিবিরের পাশাপাশি আর্ট কম্পিটিশন এবং সংগঠনের বার্ষিক সুভেনির ‘দক্ষিণ বার্তা’ প্রকাশ করা হয়।
প্রদীপ প্রজ্বলন ও গাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত, সাব্রুমের এসডিএম সুমন রক্ষিত, এসডিপিও দীপ্তনু বিশ্বাস, সমাজসেবক শান্তিপ্রিয় ভৌমিক, গৌতম ত্রিপুরা-সহ TWJA-র রাজ্য সভাপতি বিজয় পাল ও সম্পাদক সুনীল দেবনাথ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা জনগণের প্রতিনিধি হিসেবে সমাজের বিভিন্ন সমস্যা ও মানুষের দাবি-দাওয়া তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একই সঙ্গে তিনি রক্তদানকে মহৎ দান হিসেবে উল্লেখ করে বলেন, একজনের রক্ত অন্য একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
TWJA-র রাজ্য সভাপতি বিজয় পাল সাংবাদিক ও সরকারের মধ্যে সুসম্পর্কের প্রয়োজনীয়তার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও বিভিন্ন সামাজিক বিষয়কে গুরুত্ব দিয়ে সাংবাদিকদের কাজ করার ওপর জোর দেন। অন্যদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত সরকারি কাজের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডও সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
এদিনের রক্তদান শিবিরে মোট ২০ জন নাগরিক রক্তদানের জন্য নাম নথিভুক্ত করেন। সাংবাদিক সংগঠনের এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বানও উঠে আসে অনুষ্ঠানে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*