গোপাল সিং, খোয়াই, ১২ আগস্ট || দেশপ্রেমের চেতনা জাগ্রত করা এবং জাতীয় ঐক্যের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজধানী আগরতলা শহরজুড়ে বর্ণাঢ্য ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র্যালির আয়োজন করল পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসন।
বুধবার পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের দপ্তরের সামনে থেকে এই বাইক র্যালির আনুষ্ঠানিক সূচনা হয়। জাতীয় পতাকা নেড়ে র্যালির শুভ উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার। এদিন জেলা পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিক ও পুলিশ কর্মীরা হাতে তেরঙা পতাকা নিয়ে বাইকে করে আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করেন।
র্যালিটি শহরের বিভিন্ন প্রধান রাজপথ অতিক্রম করার সময় সাধারণ মানুষের মধ্যেও দেশপ্রেমের আবেগ ও উৎসাহ লক্ষ্য করা যায়। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা, জাতীয় ঐক্য ও দেশের প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়।
পুলিশের এই কর্মসূচিতে দেশের অখণ্ডতা রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার প্রতি পুলিশের অঙ্গীকারও তুলে ধরা হয়। র্যালিতে পুলিশ আধিকারিক ও কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ পশ্চিম), পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন মহকুমার পুলিশ আধিকারিক (SDPO), বিভিন্ন থানার ওসি-সহ জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
দেশের স্বাধীনতার চেতনা ও জাতীয় ঐক্যের বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই বর্ণাঢ্য ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র্যালির মূল লক্ষ্য।
