বিভিন্ন দাবিতে ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের মিছিল ও গণঅবস্থান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট || নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ বিল বৃদ্ধি, সিএনজি ও টিএনজির মূল্য এবং রান্নার গ্যাসের দাম নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে সরব হল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। বুধবার সংগঠনের উদ্যোগে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মিছিল ও গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ ও শ্রমজীবী পরিবারগুলি চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ বিলের চাপও সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। তাই অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের স্বার্থে বিদ্যুৎ বিল কমানোর দাবি জানানো হয়।
এছাড়াও আশা কর্মী, মিড-ডে মিল কর্মী এবং ডিডিটি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার দাবি তোলা হয়। বক্তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে যুক্ত থাকলেও এই কর্মীদের অনেকেই আর্থিক অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন। তাঁদের সম্মানজনক মজুরি বৃদ্ধির পাশাপাশি নিয়মিতকরণ (রেগুলার) করার দাবিও জানানো হয়।
কর্মসূচি থেকে সিএনজি, টিএনজি ও রান্নার গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম কমানো, বিদ্যুৎ বিল হ্রাস এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিক ও সাধারণ মানুষের এই দাবিগুলি দ্রুত কার্যকর না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*