বলরাম দেবনাথ, সাব্রুম, ১৬ আগস্ট || শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উদযাপিত হলো কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ। এই উপলক্ষে শনিবার দক্ষিণ ত্রিপুরার সাব্রুম পুরাতন টাউন হলে দক্ষিণ জেলা সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত হয় বিশেষ স্মরণসভা।
অনুষ্ঠানকে ঘিরে এদিন সাব্রুম মেলামাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে পুরাতন টাউন হলে এসে শেষ হয়। এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে স্মরণসভার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য কমিটির আহ্বায়ক তথা বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বিভু ভট্টাচার্য।
অনুষ্ঠানের শুরুতে কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অতিথিরা। স্বাগত ভাষণ দেন দক্ষিণ জেলার আহ্বায়ক লিটন চক্রবর্তী।
স্মরণসভায় কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন, সাহিত্যকর্ম ও বর্তমান সময়ে তাঁর সৃষ্টির প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন প্রধান বক্তা বিভু ভট্টাচার্য এবং সভার সভাপতি কবি তিমির বরণ চাকমা। বক্তারা সুকান্তের সাহিত্যচর্চা, সমাজভাবনা ও শোষিত মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা পর্বের পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সমগ্র অনুষ্ঠানকে ঘিরে সাব্রুমের সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। কবির জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই স্মরণসভা সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী মানুষের মিলনক্ষেত্রে পরিণত হয়।
