তুচ্ছ বিবাদের জেরে যুবককে স্টাম্প দিয়ে পিটিয়ে রক্তাক্ত, গণ্ডাছড়ায় চাঞ্চল্য, থানায় লিখিত অভিযোগ আক্রান্তের

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৬ আগস্ট || তুচ্ছ বচসাকে কেন্দ্র করে প্রকাশ্যে এক যুবককে ক্রিকেটের স্টাম্প দিয়ে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গণ্ডাছড়ায়। ফিশারি সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনায় লক্ষিন্দর সরকার নামে এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনার পর থেকেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় ফিশারি সংলগ্ন এলাকায় বন্ধুদের সঙ্গে ছিলেন লক্ষিন্দর। সেই সময় কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, বচসার একপর্যায়ে ফোন করে আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনা হয়। এরপর কয়েকজন মিলে লক্ষিন্দরের উপর চড়াও হয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে মারধর করে। মাথায় আঘাত লেগে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
পরে স্থানীয় বাসিন্দারা আহত লক্ষিন্দরকে উদ্ধার করে গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনি গণ্ডাছড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী জানান, হামলাকারীদের নাম তাঁর জানা না থাকলেও তাঁদের কয়েকজনকে তিনি মুখ দেখে চিনতে পারবেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে গণ্ডাছড়া থানার পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সামান্য বচসা কিংবা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে মারধরের মতো ঘটনা উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
তবে হামলার প্রকৃত কারণ এবং অভিযুক্তদের ভূমিকা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*