ব্যাংক ধর্মঘটে দক্ষিণ ত্রিপুরায় ব্যাপক প্রভাব, টানা তিন দিন বন্ধ ব্যাংকিং পরিষেবা, সমস্যায় গ্রাহক ও ব্যবসায়ীরা

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১১ সেপ্টেম্বর || বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ফের আন্দোলনের পথে ব্যাংক কর্মীরা। United Forum of Bank Unions (UFBU)-এর ডাকে দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়েছে ত্রিপুরাতেও। রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি দক্ষিণ ত্রিপুরার প্রান্তিক শহর সাব্রুমেও ধর্মঘটের জেরে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে ব্যাংকিং পরিষেবা।
শুক্রবার সকাল থেকেই সাব্রুমের বিভিন্ন ব্যাংকের শাখা বন্ধ থাকায় পরিষেবা নিতে এসে সমস্যায় পড়েন সাধারণ গ্রাহকরা। ব্যাংকের শাখা বন্ধ থাকায় টাকা জমা ও উত্তোলন, চেক সংক্রান্ত কাজসহ একাধিক গুরুত্বপূর্ণ শাখাভিত্তিক পরিষেবা বন্ধ থাকে।
টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকায় সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের দৈনন্দিন আর্থিক লেনদেনেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে প্রান্তিক এলাকার মানুষদের জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে অতিরিক্ত সমস্যার মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
ব্যাংক কর্মীদের বিভিন্ন দাবিদাওয়া ঘিরে আয়োজিত এই ধর্মঘটের প্রভাব দেশজুড়ে পড়লেও ডিজিটাল ব্যাংকিং পরিষেবা কিছুটা সচল রয়েছে। তবে নগদ লেনদেন এবং ব্যাংকের শাখায় সরাসরি গিয়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার ক্ষেত্রে গ্রাহকদের সাময়িক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ব্যাংক কর্মীদের দাবিদাওয়া এবং ধর্মঘটকে ঘিরে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর সাধারণ গ্রাহক ও ব্যবসায়ী মহলের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*