রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় শিক্ষক পুরস্কার গ্রহণ রঞ্জন দেবনাথের, জাতীয় সম্মানে উজ্জ্বল সাব্রুম ও ত্রিপুরা

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১২ সেপ্টেম্বর || শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় স্তরে সম্মানিত হলেন ত্রিপুরার সাব্রুম মহকুমার PM SHRI সাব্রুম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ। গত ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি গ্রহণ করেন মর্যাদাপূর্ণ জাতীয় শিক্ষক পুরস্কার।
রঞ্জন দেবনাথের এই সাফল্যে শুধু ত্রিপুরাই নয়, গর্বিত সাব্রুমবাসীও। জাতীয় স্তরে তাঁর এই সম্মান রাজ্যের শিক্ষা মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।
দিল্লি থেকে ত্রিপুরায় ফিরে এক সাক্ষাৎকারে রঞ্জন দেবনাথ রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণের মুহূর্ত, নয়াদিল্লিতে তাঁর অভিজ্ঞতা এবং জাতীয় শিক্ষক পুরস্কার পাওয়ার অনুভূতি তুলে ধরেন। তিনি জানান, রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান গ্রহণ তাঁর শিক্ষকজীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
তবে এই পুরস্কারকে তিনি একান্তভাবে নিজের সাফল্য হিসেবে দেখতে নারাজ। রঞ্জন দেবনাথের কথায়, এই সম্মান তাঁর একার নয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতারই স্বীকৃতি এই জাতীয় পুরস্কার।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে দায়িত্ববোধ থেকেই তিনি নিরন্তর কাজ করে চলেছেন। জাতীয় স্তরে এই স্বীকৃতি তাঁকে আগামী দিনে আরও নিষ্ঠার সঙ্গে শিক্ষাক্ষেত্রে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলেও জানান তিনি।
রঞ্জন দেবনাথের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই সাব্রুম তথা দক্ষিণ ত্রিপুরায় গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর এই জাতীয় সম্মান ত্রিপুরার শিক্ষা ক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*