সাব্রুমে অনুষ্ঠিত EX MLA ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন গুলসিংবাড়ি দল

বলরাম দেবনাথ, সাব্রুম, ১২ সেপ্টেম্বর || উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাব্রুমের করিমাটিলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো EX MLA ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। ক্রিকেট প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই খেলোয়াড় থেকে শুরু করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা করেন সাব্রুমের প্রাক্তন বিধায়ক তথা EX MLA শঙ্কর রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মণিবালা বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী বিপুল ভৌমিক-সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা।
এদিন টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গোলামাল একাদশ নলুয়া। ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮৬ রান সংগ্রহ করে পুরো দল অলআউট হয়ে যায়। ফলে জয়ের জন্য গুলসিংবাড়ি দলের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮৭ রান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে গুলসিংবাড়ি দল। দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে মাত্র ৪ ওভারেই ১ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ৮৭ রান তুলে নেয় তারা। এর ফলে সহজ জয় তুলে নিয়ে EX MLA ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর বিজয়ী হয় গুলসিংবাড়ি দল।
খেলা চলাকালীন মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স উপভোগ করেন ক্রীড়াপ্রেমীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*