নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১৩ সেপ্টেম্বর || আর্থিক অনটন ও নানা প্রতিকূলতা যেন তার প্রতিভার পথে কোনো বাধাই হতে পারেনি। নিজের মেধা ও প্রতিভার জোরে ইতিমধ্যেই নজর কাড়ছে সাব্রুমের পিএম শ্রী বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী জিমি ত্রিপুরা। পড়াশোনার পাশাপাশি গানকে ভালোবেসে নিয়মিত চর্চা করে চলেছে সে। সম্প্রতি একটি দেশাত্মবোধক গান পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেছে ছোট্ট জিমি।
জিমির কণ্ঠে দেশপ্রেমের গান শুনে মুগ্ধ হয়ে যান অনুষ্ঠানে উপস্থিত শ্রোতারা। গানের প্রতিটি লাইনে দেশাত্মবোধের আবেগ এবং তার সাবলীল পরিবেশনা অনুষ্ঠানে তৈরি করে এক আবেগঘন পরিবেশ। গান শেষ হতেই প্রশংসায় ভরে ওঠে চারপাশ।
অত্যন্ত সাধারণ ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান জিমি। সংসারে অভাব থাকলেও তার স্বপ্নের পরিধি অনেক বড়। পড়াশোনার পাশাপাশি গানকে সঙ্গী করে ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার স্বপ্ন দেখে সে। সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে এই প্রতিভাবান কিশোরী আগামী দিনে আরও ভালো কিছু করতে পারবে বলে আশাবাদী তার শুভাকাঙ্ক্ষীরা।
একদিকে পড়াশোনা, অন্যদিকে গানের প্রতি গভীর ভালোবাসা—দুইয়ের মধ্যে ভারসাম্য রেখেই এগিয়ে চলেছে জিমি। তার গানের প্রতিভা ইতিমধ্যেই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে।
জিমি ত্রিপুরার কণ্ঠ যেন আরও একবার মনে করিয়ে দিল—অভাব কখনও প্রতিভার বিকাশকে থামিয়ে দিতে পারে না। প্রয়োজন শুধু সঠিক সুযোগ, উৎসাহ ও পৃষ্ঠপোষকতার। সেই সুযোগ পেলে সাব্রুমের এই ছোট্ট প্রতিভা আগামী দিনে জেলার পাশাপাশি গোটা ত্রিপুরার মুখ উজ্জ্বল করবে—এমনটাই প্রত্যাশা সকলের।
