বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ সেপ্টেম্বর || শনিবার দুপুরে বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রমনু হলিক্রস রোড এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার আনুমানিক দুপুর ২টা ৪৫ মিনিট নাগাদ বীরচন্দ্রমনু হলিক্রস রোড এলাকায় টিআর-০৮-এ-৭১৭২ নম্বরের একটি বাইক পথচারী বিরেশ রিয়াংকে (৩১) ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাইকের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হন নতুন বাজার এলাকার বাসিন্দা বিরেশ রিয়াং।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তির বাজার দমকল বাহিনী। দমকলকর্মীরা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান।
এদিকে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে এবং দুর্ঘটনায় জড়িত বাইকটিকে আটক করতে তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
