গোপাল সিং, খোয়াই, ০৮ অক্টোবর || পুর নির্বাচন দোরগোড়ায়। রাজ্যজুড়েই শহরাঞ্চলে একের পর এক নবনির্মিত ভবন বা পরিকাঠামোর ফিতে কাটা শুরু হয়েছে। সেই ধারা অব্যহত রেখে খোয়াই পুর এলাকার নাগরিকদের দীর্ঘদিনের প্রত্যাশা ও সামাজিক দাবির অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১৫ই অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে লালছড়া এলাকার মহাশ্মশানের নবনির্মিত পরিবেশবান্ধব আধুনিক বৈদ্যুতিক চুল্লী। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিবেশবান্ধব ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পরিবেশবান্ধব চুল্লীটির শুভ উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ শ্মশান চত্বর সরজমিনে পরিদর্শন করেন খোয়াই পুর পরিষদের সুযোগ্য চেয়ারম্যান দেবাশীষ নাথশর্ম্মা। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ঠিকাদার, পুর দপ্তরের প্রকৌশলী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সাথে কথা বলেন এবং উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
খোয়াই পুর পরিষদ ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের জোরালো দাবি ছিল পরিবেশবান্ধব একটি আধুনিক বৈদ্যুতিক শ্মশান চুল্লী স্থাপনের। সনাতন পদ্ধতিতে কাঠ দিয়ে দাহকাজের ক্ষেত্রে পরিবেশ দূষণের পাশাপাশি বর্ষাকালে শেষকৃত্য সম্পাদনে ভুক্তভোগী পরিবারগুলোকে তীব্র ভোগান্তির শিকার হতে হতো। সাধারণ নাগরিক, সামাজিক সংস্থা এবং স্থানীয় বাসিন্দাদের এই ধারাবাহিক দাবির কথা মাথায় রেখেই প্রশাসনিক ও পুর উদ্যোগ গ্রহণ করা হয়।
পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে নির্মিত এই চুল্লীতে বায়ুদূষণ নিয়ন্ত্রণের আধুনিক যন্ত্রপাতি ও সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থার জন্য জেনারেটর সংযোগ রাখা হয়েছে।
১৫ই অক্টোবর মুখ্যমন্ত্রীর মাধ্যমে এই ঐতিহাসিক বৈদ্যুতিক শ্মশান চুল্লীর দ্বারোদ্ঘাটন হলে খোয়াইবাসী শেষকৃত্য সম্পাদনের ক্ষেত্রে এক যুগান্তকারী ও আধুনিক নাগরিক সুবিধা লাভ করবে।
