গোপাল সিং, খোয়াই, ০৮ অক্টোবর || হারিয়ে যাওয়া মোবাইল ফোন দ্রুত উদ্ধার করে জনসেবা ও দায়িত্বশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল খোয়াই থানার অন্তর্গত সুভাষ পার্ক পুলিশ আউট পোস্টের পুলিশ কর্মীরা। হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধার করে তা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভুক্তভোগী নাগরিক এবং প্রশংসা কুড়িয়েছে পুলিশ প্রশাসন। জানা গেছে, খোয়াই জেলার চেরমা এলাকার বাসিন্দা পরিমল দাস (পিতা: মতিলাল নাম দাস) গত ২রা অক্টোবর ২০২৬ তারিখে খোয়াই শহর থেকে চারাইমা যাওয়ার পথে আনুমানিক বিকেল ৪:৩০ মিনিট নাগাদ তাঁর একটি ‘Nova A14’ মডেলের কালো রঙের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। অনেক খোঁজাখুঁজি করেও ফোনটি ট্রেস করতে না পেরে তিনি সুভাষ পার্ক আউট পোস্টের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নিকট একটি জিডি (General Diary Entry No – 17, Date: 02/10/2026) নথিভুক্ত করেন। জিডি নথিভুক্ত হওয়ার পর সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির মহিলা পুলিশ কর্মীরা প্রযুক্তির সাহায্য নিয়ে ফোনটি ট্রেস করার জন্য তৎপরতার সাথে তদন্ত শুরু করেন। অবশেষে নিরলস চেষ্টার পর খোয়াই থানার মহিলা পুলিশ টিম ফোনটির অবস্থান সনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়। হারিয়ে যাওয়া মূল্যবান ফোনটি ফিরে পেয়ে পরিমল দাস খোয়াই থানার সুভাষ পার্ক পুলিশ আউট পোস্টের তৎপরতা ও বিশেষ করে দায়িত্বপ্রাপ্ত মহিলা পুলিশ কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
