শপিং-বিনোদন-পার্কিংয়ে নতুন সংযোজন, মুখ্যমন্ত্রীর হাত ধরে আগরতলায় উদ্বোধন PRM Centre Point Mall

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ অক্টোবর || আগরতলার নগর উন্নয়ন ও আধুনিক পরিকাঠামোর ক্ষেত্রে যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পুরাতন মোটরস্ট্যান্ড রোডে নবনির্মিত অত্যাধুনিক PRM Centre Point Mall-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মাণিকা দাস দত্ত-সহ অন্যান্য বিশিষ্টরা।
আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের উদ্যোগে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১.১১ একর জমির ওপর গড়ে উঠেছে এই অত্যাধুনিক কমার্শিয়াল কমপ্লেক্স-কাম-মাল্টি লেভেল কার পার্কিং। ডবল বেসমেন্টসহ ১৪ তলা ভবনটি আধুনিক পার্কিং ব্যবস্থা এবং বিভিন্ন বাণিজ্যিক ও নাগরিক পরিষেবার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে।
PRM Centre Point Mall-এ বিভিন্ন ব্র্যান্ডের শোরুম, খাবারের ব্যবস্থা, বিনোদনমূলক পরিষেবা এবং হোটেলসহ একাধিক আধুনিক সুবিধা থাকছে। ফলে এক ছাদের নিচে কেনাকাটা, খাবার, বিনোদন ও অন্যান্য পরিষেবা পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে আগরতলাবাসীর জন্য।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, এই আধুনিক পরিকাঠামো শহরের পার্কিং সমস্যার সমাধানে সহায়তা করবে, যান চলাচল ব্যবস্থাপনাকে আরও উন্নত করবে এবং নাগরিকদের জন্য উন্নততর বাণিজ্যিক পরিষেবা নিশ্চিত করবে। আরও সুসংগঠিত, সহজগম্য ও আধুনিক আগরতলা গড়ে তোলার লক্ষ্যে সরকারের অঙ্গীকারেরই প্রতিফলন এই উদ্যোগ বলে জানান তিনি।
পুরাতন মোটরস্ট্যান্ডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় PRM Centre Point Mall চালু হওয়ায় আগরতলার বাণিজ্যিক ও বিনোদন জগতে নতুন মাত্রা যুক্ত হলো। আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত পার্কিং ব্যবস্থা এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনার মাধ্যমে এই প্রকল্প শহরের নগরজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আধুনিক স্থাপত্য, বাণিজ্যিক পরিষেবা ও পার্কিং ব্যবস্থার সমন্বয়ে PRM Centre Point Mall আগরতলার পরিবর্তনশীল নগরচিত্রে এক নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*