গুজরাটের ‘শ্রী বৈদিক মিশন ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা স্বামী ধর্মবন্ধুজির সাথে বিধায়ক রঞ্জিত দেববর্মার সাক্ষাৎকার, প্রান্সলায় ‘২৭তম রাষ্ট্র কথা শিবির’-এ আমন্ত্রিত তিপ্রামথা বিধায়ক

গোপাল সিং, খোয়াই, ০৮ অক্টোবর || তিপ্রামথা দলের রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা নিজের সামাজিক মাধ্যমে এক গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশ করে জানিয়েছেন যে, গুজরাটের রাজকোটের “শ্রী বৈদিক মিশন ট্রাস্ট” (Shri Vedic Mission Trust)-এর প্রতিষ্ঠাতা ও অনুপ্রেরণাদাতা স্বামী ধর্মবন্ধুজি-র সাথে আজ আগরতলাস্থিত আসাম রাইফেলস সদর দপ্তরে তাঁর এক সৌজন্যমূলক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকারকালে স্বামী ধর্মবন্ধুজি বিধায়ক রঞ্জিত দেববর্মাকে ট্রাস্টের লক্ষ্য, আদর্শ ও জাতীয় উন্নয়নমূলক কাজ সম্পর্কে বিস্তারিত অবহিত করার পাশাপাশি ট্রাস্টের আসন্ন এক মহা জাতীয় সম্মেলনে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র তুলে দেন।
আগামী ২রা জানুয়ারি ২০২৭ থেকে ১০ই জানুয়ারি ২০২৭ পর্যন্ত গুজরাটের রাজকোট জেলার প্রান্সলা গ্রামে আয়োজিত হতে যাচ্ছে ৯ দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘২৭তম রাষ্ট্র কথা শিবির’। দেশের যুবসমাজ ও শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদ, চরিত্র গঠন, ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সুদৃঢ় ভিত্তি গড়ে তোলার লক্ষ্যে ২০০২ সাল থেকে ধারাবাহিকভবে এই জাতীয় শিবিরের আয়োজন করা হচ্ছে।
শ্রী বৈদিক মিশন ট্রাস্ট হলো একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বাধীন সংস্থা, যা কোনো সরকারি বা বৈদেশিক অনুদান না নিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত ট্রাস্টি ও দাতাদের সহযোগিতায় পরিচালিত হয়। প্রতি বছর দেশের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ১৫,০০০ থেকে ২০,০০০ ছাত্র-ছাত্রী এই রাষ্ট্র কথা শিবিরে অংশগ্রহণ করে থাকে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত ড. এ. পি. জে. আবদুল কালাম সহ দেশের বিশিষ্ট বিজ্ঞানী, বিচারপতি, প্রশাসনিক কর্মকর্তা ও সামরিক বিশেষজ্ঞগণ পূর্বে বিভিন্ন বর্ষের শিবিরে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন।
বিধায়ক রঞ্জিত দেববর্মা তাঁর সামাজিক মাধ্যমে ট্রাস্টের প্রেরিত আমন্ত্রণের চিঠি ও মিশন সম্পর্কিত বিস্তারিত বিবরণ জনসমক্ষে প্রকাশ করে স্বামী ধর্মবন্ধুজি ও শ্রী বৈদিক মিশন ট্রাস্টের এই জাতীয়তাবাদী প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*