জল সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নতুন উদ্যোগ, কলেজটিলায় ৬.৮১ এমএলডি ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ অক্টোবর || আগরতলা পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের কলেজটিলায় ৬.৮১ এমএলডি ক্ষমতাসম্পন্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (SWTP) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বৃহস্পতিবার। একই সঙ্গে ৬৮০ কিলোলিটার ধারণক্ষমতাসম্পন্ন ওভারহেড ট্যাঙ্ক (OHT) নির্মাণের উদ্যোগেরও সূচনা হয়।
এদিন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, নগর উন্নয়ন দপ্তরের সচিব ডাঃ মিলিন্দ রামটেকে, পুর কমিশনার সাজু ভাহিদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল জোনের জোনাল চেয়ারম্যান রত্না দত্ত।
এদিন নাগরিক পরিষেবায় দ্রুত সাড়া নিশ্চিত করতে র‍্যাপিড রেসপন্স টিম (RRT)-এর গাড়ি এবং ট্রাক-মাউন্টেড ওয়াটার ট্যাঙ্কারেরও যাত্রা শুরু করা হয়। পাশাপাশি AI-ভিত্তিক IVR কলিং ও WhatsApp-এর মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থারও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জলের সঠিক ব্যবহার, সংরক্ষণ এবং অপচয় রোধ করা বর্তমান সময়ের অন্যতম দাবি। এই লক্ষ্য পূরণে ত্রিপুরা জল বোর্ডের উদ্যোগ প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানীয় জল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কলেজটিলায় ৬.৮১ এমএলডি ক্ষমতাসম্পন্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ৬৮০ কিলোলিটার ধারণক্ষমতার ওভারহেড ট্যাঙ্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত নাগরিক পরিষেবা পৌঁছে দিতে র‍্যাপিড রেসপন্স টিম এবং জল সরবরাহের জন্য ট্রাক-মাউন্টেড ওয়াটার ট্যাঙ্কারের পরিষেবাও চালু করা হয়েছে।
নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানীয় জল সরবরাহের মাধ্যমে একটি সুস্থ, সমৃদ্ধ ও জল-সুরক্ষিত ত্রিপুরা গড়ে তোলাই সরকারের অঙ্গীকার বলে জানান মুখ্যমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*