নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০৮ অক্টোবর || বকেয়া মজুরি পরিশোধ এবং ন্যায্য পারিশ্রমিকের দাবিতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাবরুম-আগরতলা জাতীয় সড়কের কলাছড়া এলাকায় অবরোধে বসেন শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
শ্রমিকদের অভিযোগ, কলাছড়া এলাকায় ওএনজিসির কাজে নিযুক্ত দেবী কোম্পানি দীর্ঘ কয়েক মাস ধরে তাঁদের বকেয়া মজুরি পরিশোধ করছে না। পাশাপাশি নির্ধারিত মজুরি কমিয়ে দেওয়ারও অভিযোগ তুলেছেন তাঁরা। বিএমএস সংগঠনের মাধ্যমে বিষয়টি পরিচালিত হলেও এখনও তাঁদের ন্যায্য পারিশ্রমিক মেলেনি বলে দাবি শ্রমিকদের।
অবরোধকারী শ্রমিকদের আরও দাবি, এর আগে দেবী কোম্পানি ও বিএমএস-এর পক্ষ থেকে ৫ অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া মজুরি পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু ৮ অক্টোবর পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁরা জাতীয় সড়ক অবরোধে বসতে বাধ্য হন।
শ্রমিকদের অভিযোগ, বিএমএস-এর নেতৃত্বে থাকা সঞ্জয় দেবনাথ একাধিকবার বকেয়া টাকা দেওয়ার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত তাঁরা তাঁদের পাওনা পাননি। দীর্ঘদিন ধরে বকেয়া মজুরি নিয়ে সমস্যায় থাকার পর অবশেষে বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন বলে জানান আন্দোলনকারীরা।
এদিকে, জাতীয় সড়ক অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ দেখা দেয়। ঘটনাকে কেন্দ্র করে কলাছড়া এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি, দ্রুত তাঁদের সমস্ত বকেয়া মজুরি পরিশোধ করে সমস্যার সমাধান করতে হবে।
