দীপাবলিতে খোয়াই থানার মানবিক উদ্যোগ, দুঃস্থদের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র

গোপাল সিং, খোয়াই, ১০ নভেম্বর || আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ল খোয়াই থানা। দীপাবলি ও শ্যামাপূজার পবিত্র উৎসবকে সামনে রেখে খোয়াই থানার উদ্যোগে এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
উৎসবের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শীতের মরশুমে অসহায় মানুষের কিছুটা সুরাহার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। খোয়াই থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু অভাবী মানুষের হাতে কম্বল তুলে দেন উপস্থিত পুলিশ আধিকারিকরা। পুলিশের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি উপভোক্তারা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার, খোয়াইয়ের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দেবপ্রসাদ রায়, খোয়াই থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) প্রজিত মালাকার-সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীবৃন্দ। তাঁদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় গোটা কর্মসূচি।
উল্লেখ্য, পুলিশের মূল দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা হলেও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও বিভিন্ন সময় জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। দীপাবলির আনন্দঘন মুহূর্তে খোয়াই থানার এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পুলিশের মানবিক ও জনমুখী ভূমিকারই এক সুন্দর দৃষ্টান্ত। স্থানীয় মহলে পুলিশের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*