আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর || দীপাবলির পরদিন পালিত গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসবকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠলেন ভক্তরা। এই পবিত্র তিথি উপলক্ষে আগরতলার ইসকন মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পূজার্চনা ও ধর্মীয় অনুষ্ঠানের। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। গিরিরাজ গোবর্ধনের আরাধনা ও শ্রীকৃষ্ণের বন্দনায় ভক্তিময় হয়ে ওঠে গোটা মন্দির চত্বর।
পৌরাণিক কাহিনি অনুসারে, দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করতে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের গোবর্ধন পর্বতের পূজা করার পরামর্শ দিয়েছিলেন। পরবর্তীতে ইন্দ্রের প্রেরিত প্রবল বৃষ্টির হাত থেকে বৃন্দাবনবাসীদের রক্ষা করতে শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেন। সেই স্মৃতিকে স্মরণ করেই প্রতি বছর পালিত হয় গোবর্ধন পূজা। পাশাপাশি শ্রীকৃষ্ণকে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী নিবেদনের প্রথা থেকেই প্রচলিত হয়েছে অন্নকূট উৎসব।
এদিন আগরতলার ইসকন মন্দিরে ৫৬ ধরনের সবজি ও শস্য দিয়ে প্রস্তুত করা হয় বিশাল অন্নকূট ভোগ। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই মহাভোগ ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করা হয়। দিনভর মন্দিরে চলে বিশেষ পূজার্চনা, নামসংকীর্তন ও গোপাল কীর্তন। পাশাপাশি ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ।
গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসবকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ভক্তি ও আধ্যাত্মিকতার এক মনোরম পরিবেশের সৃষ্টি হয় আগরতলার ইসকন মন্দিরে। শ্রীকৃষ্ণের প্রতি অগাধ ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনন্দমুখর হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ।
