বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগে অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর আমির শোকিন আগরতলায়, দিল্লি থেকে বিমানে নিয়ে এল ত্রিপুরা পুলিশ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর || ত্রিপুরার যুবক লেসেনজিৎ রিয়াংয়ের সঙ্গে বর্ণবিদ্বেষমূলক আচরণ ও হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে অবশেষে আগরতলায় আনা হলো দিল্লির বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর আমির শোকিনকে। মঙ্গলবার সকালে বিমানে দিল্লি থেকে আগরতলায় নিয়ে আসে ত্রিপুরা পুলিশের একটি দল। তাঁকে রাজ্যে ফিরিয়ে আনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যায়, কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার এলাকার বাসিন্দা যুবক লেসেনজিৎ রিয়াংয়ের সঙ্গে বর্ণবৈষম্যমূলক আচরণ ও হেনস্থার অভিযোগে আমির শোকিনের বিরুদ্ধে আগরতলার এনসিসি থানায় মামলা দায়ের করা হয়েছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। ভিডিওতে ত্রিপুরার ওই যুবকের সঙ্গে বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ সামনে আসার পর রাজ্যজুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এই ঘটনার তদন্তে নেমে ত্রিপুরা পুলিশ অভিযুক্তকে রাজ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। সোমবার দিল্লির তিস হাজারি আদালতে আমির শোকিনকে হাজির করা হলে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে তাঁকে আগরতলায় নিয়ে আসার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে। এরপর মঙ্গলবার সকালে তাঁকে বিমানে আগরতলায় নিয়ে আসা হয়।
ডিএসপি সমুদ্র দেববর্মার নেতৃত্বে ত্রিপুরা পুলিশের একটি দল দিল্লিতে এই আইনি প্রক্রিয়ায় অংশ নেয়। আগরতলায় পৌঁছানোর পর তাঁকে বিশেষ আদালতে হাজির করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে দিল্লি পুলিশের একটি মামলায় আমির শোকিন গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে দিল্লির সদর বাজার থানাতেও পৃথক মামলা রয়েছে। এদিকে, এই বর্ণবৈষম্যমূলক আচরণের অভিযোগের ঘটনায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা আগেই স্পষ্ট জানিয়েছিলেন, কোনওভাবেই এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।
এখন অভিযুক্তকে আগরতলায় নিয়ে আসার পর তদন্ত কোন দিকে এগোয় এবং আদালতে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*