মানবিকতার বার্তা নিয়ে ‘অন্নমঙ্গল’ কর্মসূচির প্রথম বর্ষপূর্তি, উপস্থিত মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর || মানবসেবাই পরম ধর্ম, আর মানবিকতাই হোক সমাজ গঠনের মূল শক্তি—এই বার্তাকে সামনে রেখে আগরতলায় অনুষ্ঠিত হলো বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি ‘অন্নমঙ্গল’-এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলবার আগরতলার মেলারমাঠস্থিত চৌধুরী ভবনে প্রতিবাদী কলম, প্ল্যানেট ইস্ট ও PB24 News-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, মানবসেবাই পরম ধর্ম। দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের মুখে খাবার তুলে দেওয়ার এই উদ্যোগ মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের অভাবী মানুষের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আরও মানবিক ও সহমর্মী সমাজ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, মন্ত্রী সুশান্ত চৌধুরী এই কর্মসূচির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়া এবং সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই মানবিক প্রয়াসের জন্য প্রতিবাদী কলম সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক ও মুদ্রক অনল রায় চৌধুরীসহ সংস্থার সকল উদ্যোক্তা ও সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
উল্লেখ্য, সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের খাদ্যসংকট লাঘবের পাশাপাশি তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ‘অন্নমঙ্গল’ কর্মসূচির সূচনা। প্রথম বর্ষপূর্তিতে এই উদ্যোগ আগামী দিনেও আরও বৃহত্তর পরিসরে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
মানুষের পাশে, মানবতার পথে—এই অঙ্গীকারকে পাথেয় করে ‘অন্নমঙ্গল’-এর পথচলা আগামী দিনেও অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা সকলের।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দে প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*