অমৃতসর, ২৩ অক্টোবর ।। নিয়ন্ত্রণ রেখা বরাবর বারংবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় তিক্ত হয়েছে ভারত-পাকিস্তান সম্পর্ক। এমনকি আজও জম্মু ও কাশ্মীরে সাম্বা ও জম্মু জেলায় ভারতীয় সেনার চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। এর পরিপ্রেক্ষিতে দীপাবলি উপলক্ষে সীমান্তে এবার পাক রেঞ্জারদের মিষ্টিমুখ করিয়ে সৌহার্দ্য বিনিময় থেকে বিরত থাকল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সৌহার্দ্যের এই ধারায় অবশ্য আগেই ছেদ টেনেছিল পাকিস্তান। ইদ উত্সবের সময় এ বছর আর সীমান্তের ওপার থেকে মিষ্টি আসেনি বিএসএফের কাছে। পঞ্জাব ফ্রন্টিয়ারের বিএসএফ আইজি অশোক কুমার জানিয়েছেন, চলতি ঘটনাক্রমের প্রেক্ষাপটে দীপাবলী উত্সবের আগে পাকিস্তানকে মিষ্টি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। তিনি জানিয়েছেন, গতকালই ফ্ল্যাগ মিটিংয়ের সময় ভারতের এই সিদ্ধান্তের কথা পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি ভেঙে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান। তাই তাদের এবার মিষ্টি পাঠানোর কোনও প্রশ্নই ওঠে না।
উল্লেখ্য, দুই প্রতিবেশী দেশ বহু বছর ধরেই স্বাধীনতা দিবস সহ বিভিন্ন ধর্মীয় উত্সব উপলক্ষ্যে একে অপরের প্রতি সৌজন্য ও সৌহার্দ্যের বার্তা হিসেবে মিষ্টি বিনিময় করে। কিন্তু সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবার তাতে ছেদ পড়ল।
সৌজন্যে এবিপি নিউজ।
