আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর ৷৷ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজ্যের সাংবাদীক এবং চিত্র সাংবাদিক কর্মীদের উপর আক্রমণের ঘটনা এই রাজ্যে নতুন নয়। তবে সাংবাদিক খুনের ঘটনা এই রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। বুধবার (২০ সেপ্টেম্বর, ২০১৭) পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খুন হলেন রাজ্যের এক তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক (২৬)। বাড়ি জিরানিয়া কলেজ চৌমুহনী এলাকায়। এই নৃশংস ঘটনাটি ঘটে বুধবার দুপুর মান্দাই বাজার এলাকায়।মঙ্গলবার গনমুক্তি পরিষদের মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে খোয়াইয়ে যে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতিকে কেন্দ্র করে বুধবার রাজ্যের বেশ কিছু জায়গায় আই পি এফ টি এবং গনমুক্তি পরিষদের কর্মীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে কিছু স্থানে পুলিশকে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেলও ফাটাতে হয়েছে। এদিন মান্দাই এলাকায় পথ অবরোধের খবর সংগ্রহ করতে গিয়ে স্থানীয় একটি টি ভি চ্যানালের সাংবাদিক শান্তনু ভৌমিক একটি রাজনৈতিক দলের উত্তেজিত কর্মীদের হাতে খুন হয়। এই খবর ছড়িয়ে পড়তেই সর্বত্র গভীর ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়।
এদিন মান্দাই এলাকায় ১৪৪ ধারা জারি থাকা সত্তেও প্রচুর পুলিশ এবং টি এস আর কর্মীদের চখের সামনে থেকে একদল উন্মুক্ত যুবক সাংবাদিক শান্তনু ভৌমিক্কে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। পরে সাংবাদিক শান্তনুর নিথর দেহ আগরতলা জিবি হাসপাতালে নিয়ে আশা হলে রাজ্যের কর্মরত প্রচুর সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রা সহ রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা হাসপাতালে ছুটে গিয়ে শান্তনুর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সকলেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
বৃহস্পতিবার এই ঘটনায় জড়িত সন্দেহভাজন দুই জন উপজাতি যুবককে আটক করেছে পুলিশ। তাদের নাম হল শ্যামল দেববর্মা ওরফে সুমিত এবং বিকাশ দেববর্মা। উভয়ের বাড়ি মান্দাই এলাকায়। ধৃত দুই যুবককে আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের পুলিশ হাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেয়।
