আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর ৷৷ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের ঘটনায় এবার সি বি আই তদন্তের দাবীতে গণঅবস্থানে বসল আই পি এফ টি। মঙ্গলবার থেকে টানা ৪৮ ঘন্টার জন্য গণঅবস্থানে বসেন আই পি এফ টি কর্মী-সমর্থকরা। রাজ্যের জম্পুইজলা মহকুমার টাকারজলা এলাকায় আই পি এফ টি’র ৪৮ ঘন্টার এই গণঅবস্থানে দলের সভাপতি এন সি দেববর্মা সহ দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই গণঅবস্থান থেকে আই পি এফ টি প্রয়াত তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের তদন্তভার সি বি আই’র হাতে দেওয়ার জোড়ালো দাবী তুলেন।উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের পর থেকেই রাজ্যের সাংবাদিকদের ১১টি সংগঠনের তরফে সি বি আই তদন্তের দাবী তুলেছিল। সম্প্রতি সাংবাদিক শান্তনু ভৌমিকের বাবা সাধন ভৌমিকও রাজ্য প্রশাসনের উপর আস্থা না রেখে তদন্ত ভার সি বি আই’র হাতে দেওয়ার দাবী জানান।
