আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জানুয়ারি ৷৷ রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে লোকসভায় আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সংসদে ভারতীয় জনতা পার্টির মধ্যপ্রদেশের সাংসদ প্রহ্লাদ সিং প্যাটেল ত্রিপুরা রাজ্যের জনজাতি মহিলাদের উপর বিভিন্ন নির্যাতনের কথা সংসদে বিস্তারিত আকারে তুলে ধরেন। বৃহস্পতিবার, ত্রিপুরা প্রদেশ বিজেপি আহুত এক সাংবাদিক সন্মেলনে এ তথ্য জানান বিজেপি নেতা অরুণ কান্তি ভৌমিক। উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির একটি সংসদীয় প্রতিনিধি দল ত্রিপুরার পরিস্থিতির বাস্তবিক চিত্র পর্যবেক্ষণ করতে এসেছিলেন। তখন তাঁরা কথা দিয়েছিলেন ত্রিপুরার বেদনাদায়ক চিত্রকে সংসদের মাধ্যমে দেশের সামনে তুলে ধরবেন।সাংবাদিক সন্মেলনে শ্রী ভৌমিক জানান, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুসারে রাজ্যে সুষ্ঠু নির্বাচন এবং নির্ভুল ভোটার তালিকা প্রকাশের জন্য ভারতীয় নির্বাচন কমিশনে রাজ্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আসামের অর্থমন্ত্রী তথা ত্রিপুরার নির্বাচনী প্রভারী হিমন্ত বিশ্বশর্মা, রাজ্য বিজেপি প্রভারী সুনীল দেওধর, রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব প্রমুখ।
