আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জানুয়ারি ৷৷ রাজ্যর ক্রীড়া জগতের মানচিত্রে যুক্ত হলো আরও একটি পালক। রাজধানীর বুকে উদ্বোধন হলো বিশ্বমানের ইন্ডোর স্টেডিয়াম। মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মূখ্যমন্ত্রী মানিক সরকার এন এস আর সি সি ইন্ডোর স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এক সময় রাজ্যের হয়ে যারা বিভিন্ন মাঠ দাপিয়ে বেড়িয়েছেন তারা যেমন এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে হাজির হয়েছিলেন তেমনি দলে দলে ভিড় জমিয়েছিল খুদে খেলোয়াড়রা যাদের চোখে একরাশ স্বপ্ন। খেলার অঙ্গণে ত্রিপুরাকে আরও উচুতে তুলে ধরার প্রত্যয় এবং অঙ্গীকারও উচ্চারিত হয়েছে এই অনুষ্ঠান থেকে। এই স্টেডিয়াম দেখে নিজের উচ্ছাস যেমন চেপে রাখতে পারেনি রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার তেমনি এই স্টেডিয়ামের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এক সময় লন টেনিসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা জয়দ্বীপ মুখার্জি।স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করে মূখ্যমন্ত্রী বলেন, যে উৎকৃষ্টমানের ক্রীড়া পরিকাঠামো তৈরী হলো তার সদ্ব্যবহার করে ভবিষ্যতে আমরা যাতে আরও সফল ক্রীড়াবিদ ত্রিপুরা থেকে ভারতবর্ষকে উপহার দিতে পারি তাঁর প্রয়াস আন্তরিকভাবে জারী রাখতে হবে।
এন এস আর সি সি ইন্ডোর স্টেডিয়ামটির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, রাজ্যের সোনার মেয়ে তথা জিমন্যাস্ট দীপা কর্মকার, সীপার কোচ দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্ট বিশ্বশ্বর নন্দী, রাজ্যের অর্জুন পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্ট মন্টু দেবনাথ, প্রাক্তন টেনিস খেলোয়াড় জয়দ্বীপ মুখার্জি, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব দিলীপ চক্রবর্তী, ক্রীড়া পর্ষদের ভাইস চেয়ারম্যান বিমল রায় চৌধুরী, ক্রীড়া পর্ষদের প্রাক্তন সচিব কমল সাহা, পূর্ত দপ্তরের মূখ্য বাস্তুকার অসিত ভৌমিক, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক প্রমুখ।
এই ইন্ডোর স্টেডিয়ামটি তৈরী করতে ব্যয় হয়েছে ৪৫ কোটি টাকা। ৩৭২৬ বর্গ মিটার এলাকা নিয়ে পুরো কমপ্লেক্সটি গড়ে উঠেছে। খেলার মাঠটির মোট আয়তন হয়েছে ১২০০ বর্গ মিটার। এতে মোট ২১০০ জন দর্শক বসে খেলা দেখতে পারবেন।
