আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই || প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সৌজন্য উপহার হিসেবে ত্রিপুরার বিখ্যাত সুস্বাদু কিউ (Queen) জাতের আনারস পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। বুধবার আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) হয়ে এই উপহার বাংলাদেশে পাঠানো হয়।
এদিন আখাউড়া সীমান্তে আয়োজিত হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা (ডিরেক্টর) ড. ফণিভূষণ জমাতিয়া, কনসালট্যান্ট ড. রাজীব ঘোষ, সান্তনু দেববর্মা, ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার ত্রিপুরার আধিকারিক দেবাশীষ মজুমদারসহ অন্যান্য আধিকারিকরা।
ভারতের সহকারী হাই কমিশনের চট্টগ্রাম শাখার অ্যাসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজজ্যোতি দাস, আধিকারিক সজীব চক্রবর্তীসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সীমান্তের জিরো পয়েন্টে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো আনারসের প্যাকেট অ্যাসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজজ্যোতি দাসের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। পরে ভারতীয় গাড়ি থেকে আনারসের প্যাকেটগুলো বাংলাদেশের গাড়িতে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় জানান, সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের জন্য সৌজন্য উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল। সেই সৌহার্দ্যপূর্ণ বিনিময়ের অংশ হিসেবেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার পাঠানো হয়েছে। এই ধরনের উদ্যোগ দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্ককে আরও মধুর ও সুদৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দপ্তরের অধিকর্তা ড. ফণিভূষণ জমাতিয়া জানান, এদিন রাজ্যের উৎকৃষ্ট মানের কিউ জাতের আনারসের মোট ১০০টি প্যাকেট পাঠানো হয়েছে। প্রতিটি প্যাকেটে ৬টি করে মোট ৬০০টি আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সৌজন্য উপহার হিসেবে প্রেরণ করা হয়েছে।
