আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি ৷৷ গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরায় ৬৯তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হয়েছে আসাম রাইফেলস ময়দানে। ৬৯তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আগরতলাস্থিত আসাম রাইফেলস ময়দানকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়। রাজ্যের মাননীয় রাজ্যপাল তথাগত রায় আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে সঙ্গে বেজে উঠে জাতীয় সঙ্গীতের সুর। চৌকস সুসজ্জিত বাহিনীর দেয়া কুচকাওয়াজ গ্রহন করেন রাজ্যপাল। প্রতিবছরের মতো আকর্ষণীয় প্যারেডে অংশ নেয় ১৮টি প্লেটুন। সেলামী মঞ্চে অভিবাদন গ্রহন করেন রাজ্যপাল তথাগত রায়। আসাম রাইফেলস ময়দানে ৬৯তম প্রজাতন্ত্র দিবসে সেবার কাজে উৎকৃষ্ট অবদানের জন্য আরক্ষাবাহিনীর বেশ কিছু কর্মী আধিকারীকদের বিশেষ সেবা পদক প্রদান করা হয়। আসাম রাইফেলস ময়দানে ৬৯তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য তথা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা উপস্থিত ছিলেন।