শপথ নিচ্ছেন রাজ্যের নতুন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।শপথগ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল তথাগত রায় সহ রাজ্যের নতুন মন্ত্রীসভার সদস্যরা।
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ ৷৷ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো ত্রিপুরাবাসী। স্বাধীনতার পর রাজ্যের ইতিহাসে এত বড় শপথগ্রহণ অনুষ্ঠান আগে কখনো দেখেননি রাজ্যবাসী। ৯ই মার্চ, ২০১৮ (শুক্রবার) ছিল ত্রিপুরা রাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। এই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আগরতলা আসাম রাইফেলস ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। দুপুর ১২টায় শুরু হওয়া এই শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল তথাগত রায় শপথবাক্য পাঠ করান রাজ্যের নতুন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। তারপর একে একে রাজ্যপাল শপথবাক্য পাঠ করান উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ নতুন মন্ত্রীসভার সদস্য নরেন্দ্র চন্দ্র দেববর্মা, রতন লাল নাথ, সুদীপ রায় বর্মণ, প্রণজিত সিংহ রায়, মনোজ কান্তি দেব, মেবার কুমার জমাতিয়া, শান্তনা চাকমা।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং, সাংসদ লালকৃষ্ণ আদবানি, বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সহ ভারতের বর্তমান বিজেপি শাসিত বেশকিছু রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, নতুন বিজেপি সরকারের বিধায়করা সহ দলীয় নেতা কর্মীরা।
শপথগ্রহণের পর রাজ্যের নতুন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ‘সাবকা সাথ সাবকা বিকাশ’-র স্লোগানকে সামনে রেখে রাজ্যের জন্য কাজ করে যাবেন। পাশাপাশি শ্রী দেব, রাজ্যের সকল অংশের জনগন, সাংবাদিক, সংবাদমাধ্যম সহ মঞ্চে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহও বক্তব্য রাখেন।