চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। ম্যাচে একটি গোল করেছেন বার্সার তিন তারকা মেসি, নেইমার ও সুয়ারেজ। এই ম্যাচে একটি গোল করে ইউরোপিয়ান কোনো আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডকে আরো উঁচুতে নিয়ে গেছেন মেসি। এখন তার গোল সংখ্যা ৭৬টি।
পিএসজি ও বার্সেলোনা উভয় দলই আসরের শেষ ষোলোতে পৌঁছে গেছে। তারপরও এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিলো গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য। ম্যাচ জিতে যে জায়গাটা দখলে নিয়েছে বার্সেলোনা।
ম্যাচের মাত্র ১৫ মিনিটে ন্যু ক্যাম্পের দর্শকভরা গ্যালারিতে কিছুটা হলেও হতাশা ছড়িয়ে দেন ইব্রাহিমোভিচ। পিএসজিকে এগিয়ে দেন তিনি। তবে এই নিয়ন্ত্রণ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। তিন তারকার আক্রমণ রুখে দেয় পিএসজি। দারুণ জয় পায় লুইস এনরিকের দল।
ইব্রাহিমোভিচের গোলের চার মিনিট পর ম্যাচে সমতা ফেরান মেসি। ৪২ মিনিটে দলকে এগিয়ে দেন নেইমার। পরে বিজয় চূড়ান্ত করেন সুয়ারেজ।
