আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ ৷৷ বিজেপি-আই পি এফ টি জোট সরকারের এক বছর পূর্তি হল শনিবার। এক বছর পূর্বে ৯ই মার্চ ঠিক এই দিনটিতেই রাজ্যে প্রথম বিজেপি-আই পি এফ টি জোট সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। এই দিনেই রাজধানীর আসাম রাইফেলস ময়দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সহ একঝাক কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যদের উপস্থিতিতে শপথগ্রহণ সমারোহতে শপথ নিয়েছিলেন রাজ্যের বিজেপি-আই পি এফ টি জোট সরকারের মন্ত্রীসভার সদস্যরা।শনিবার রাজ্য সরকারের শপথগ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সরকারীভাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে গত এক বছরে রাজ্য সরকারের রিপোর্ট কার্ড জনগণের সামনে তুলে ধরা হয়। রাজ্য সরকারের রিপোর্ট কার্ডে আগরতলাকে স্মার্ট সিটি হিসাবে গড়ে ‘তোলা, আগামী ৩ বছরের রাজ্যকে মডেল রাজ্য হিসাবে গড়ে তোলা সহ রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণ, প্রশাসনিক কাজকর্ম ও ক্রিয়া সব দিকেই রাজ্যকে উন্নতির দিকগুলি তুলে ধরা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ- মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ সহ রাজ্য মন্ত্রীসভার অন্যান্য মন্ত্রীরা সহ শাসকদলের বিধায়করা।
