আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল ৷৷ প্রয়াত হলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের জননেতা দিলীপ সরকার। জানা যায়, রবিবার রাত প্রায় ২টা ৩৭ মিনিটে দিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এ আই আই এম এস) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দিলীপ সরকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আহুত এক সাংবাদিক সন্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়। জানা যায়, মঙ্গলবার তাঁর মরদেহ রাজ্যে নিয়ে আসা হবে। তাঁর এই অকাল প্রয়াণে রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধীদল নেতা মানিক সরকার শোক জ্ঞাপন করেছেন।উল্লেখ্য, প্রয়াত বিজেপি বিধায়ক দিলীপ সরকার প্রথমে বহু বছর কংগ্রেসের বিধায়ক ছিলেন। গত ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে তিনি প্রার্থী হন এবং জয়ী হয়েছিলেন।
