চোখের জলে চিরবিদায় বিধায়ক দিলীপ সরকার

bjpআপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল ৷৷ মঙ্গলবার রাজ্যে নিয়ে আসা হলো রাজ্যের বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিলীপ সরকারের মরদেহ। এদিন প্রথমে আগরতলার এম বি বি বিমানবন্দর থেকে দলীয় কর্মী-সমর্থকরা শোক মিছিল করে প্রয়াত বিধায়কের মরদেহ ত্রিপুরা বিধানসভা ভবনে নিয়ে যান। সেখানে ত্রিপুরা বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস, বিধান সভার চিফ হুইপ কল্যাণী রায়, রাজ্যের স্বাস্থমন্ত্রী সুদীপ রায় বর্মণ সহ দলীয় মন্ত্রী ও বিধায়করা তাঁকে পুস্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান। বিধানসভার থেকে মহাকরণে নিয়ে আসা হয় তাঁর মরদেহ। সেখানে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ মহাকরণের কর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
মহাকরণ থেকে প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের মরদেহ নিয়ে আসা হয় ত্রিপুরা প্রদেশ বিজেপি কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে তাঁকে দলীয় পতাকা ও পুস্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক প্রতিমা ভৌমিক, মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত সহ দলীয় কর্মী সমর্থকরা। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ বাসভবনে। এদিনই তাঁর মরদেহ সৎকার করা হয়। প্রয়াত বিধায়ক দিলীপ সরকারকে চোখের জলে চিরবিদায় জানিয়েছেন স্বজন, দলীয় কর্মী সমর্থকরা।
উল্লেখ্য, রবিবার রাত প্রায় ২টা ৩৭ মিনিটে দিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এ আই আই এম এস) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দিলীপ সরকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
প্রয়াত বিজেপি বিধায়ক দিলীপ সরকার প্রথমে বহু বছর কংগ্রেসের বিধায়ক ছিলেন। গত ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে তিনি প্রার্থী হন এবং জয়ী হয়েছিলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*