আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই ৷৷ ত্রিপুরা রাজ্যে উৎপাদিত সুস্বাদু ‘কুইন’ প্রজাতির আনারসের পর এবার দুবাই পাড়ি দিল রাজ্যের ‘কিউ’ প্রজাতির আনারস। একই সঙ্গে এদিন প্রথম বিদেশে রপ্তানি করল রাজ্যে উৎপাদিত চার হাজার সুদন্ধী লেবু। সোমবার (২২শে জুলাই, ২০১৯) সকালে ঊনকোটি জেলার কুমারঘাট মোটরস্ট্যান্ড থেকে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজীৎ সিংহ রায়, ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন, রাজ্যের মুখ্যসচিব ডঃ ইউ ভেঙ্কটেশ্বরলু, কৃষি দপ্তরের সচিব এম এল দে, ত্রিপুরা সরকারের কৃষি দপ্তরের উদ্যান ও ভূমি সংরক্ষণ অধিকার বিভাগের সহ-অধিকর্তা ডঃ দীপক বৈদ্য প্রমুখ। এদিন সবুজ পতাকা নেড়ে দুবাইয়ে ‘কিউ’ প্রজাতির আনারস রপ্তানির যাত্রা শুরুর সূচনা করলেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে প্রতি বছর ১ লাখ ২৬ হাজার মেট্রিক টন আনারস উৎপাদন হয়। আগামী দেড় বছরে রাজ্যের আনারসের উৎপাদন ৩ লাখ মেট্রিক টনে পৌঁছাবে। তিনি বলেন, আনারসের সঙ্গে রাজ্যে উৎপাদিত সুগন্ধি লেবু পাঠানো হচ্ছে স্যাম্পল হিসেবে। মুখ্যমন্ত্রীর আশা দুবাই থেকে এই লেবুর অর্ডারও আসবে।