আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর || আগরতলা শহরের পুরনো মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত ‘পিএমআর সেন্টার পয়েন্ট’ শপিং মলে শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘সিলভার স্টোরি বাই অনামিকা’-র নতুন শোরুমের। ৯২৫ স্টার্লিং সিলভারের আধুনিক নকশার গহনার এই শোরুমের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
দৈনন্দিন ব্যবহারের উপযোগী হালকা ও আধুনিক ডিজাইনের গহনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও বিশেষ উপলক্ষের জন্য আকর্ষণীয় নকশার রুপোর গহনার সম্ভার নিয়ে যাত্রা শুরু করল এই নতুন শোরুম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী নতুন এই উদ্যোগের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, ত্রিপুরার ক্রমবর্ধমান বাণিজ্যিক পরিকাঠামো এবং আধুনিক বিপণন ব্যবস্থার বিকাশের সঙ্গে সঙ্গে নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগের প্রসার রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে। এই ধরনের উদ্যোগ কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির পাশাপাশি রাজ্যের ব্যবসা-বাণিজ্যের পরিসরকেও আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাশাপাশি, ‘সিলভার স্টোরি বাই অনামিকা’-র সঙ্গে যুক্ত সকল কর্মকর্তা, কর্মচারী ও উদ্যোক্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন এই শোরুম আগামী দিনে সাফল্য ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এবং বৃহত্তর ব্যবসায়িক সাফল্য অর্জন করবে।
ত্রিপুরার ক্রমবর্ধমান বাণিজ্যিক পরিসরে নতুন এই উদ্যোগ রাজ্যের বিপণন ব্যবস্থায় আরও একটি সংযোজন বলে মনে করা হচ্ছে।
