আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর || রাত পোহালেই আলোর উৎসব দীপাবলি। শ্যামা মায়ের আরাধনায় রাজ্যের বিভিন্ন কালি মায়ের মন্দির সহ একান্ন পীঠের পুণ্য তীর্থ উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দিরে চুড়ান্ত ব্যস্ততার দৃশ্য এমুহূর্তে। দীপাবলি উৎসবে নতুন সাজে আলোর বন্যায় আর লাখো ভক্তের সমাগমে পূর্ণতীর্থের রূপ নেবে মায়ের মন্দিরগুলো। জাগ্রত মায়ের দর্শনে ছুটে আসেন দূরদূরান্তের পূন্যার্থীরা।
দীপাবলিকে কেন্দ্র করে সেজে উঠছে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির সহ গোটা উদয়পুর শহর। উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির থেকে শুরু করে শহরের রাস্তায় অত্যাধুনিক বিভিন্ন ডিজাইনের বৈদ্যুতিক আলোর বন্যায় শহরকে ভাসিয়ে দিতে বড় অঙ্কের টাকা খরচ করা হয়েছে। শহরের পথে আলো ছড়াতে শুরু করেছে ত্রিপুরেশ্বরী মন্দিরের আলোক সজ্জা। বিশেষ করে এই আলোর বন্যা উদয়পুর শহরকে নতুন করে উদ্ভাসিত করেছে। প্রতিবছরের মতো এবারেও দীপাবলী উৎসবকে সামনে রেখে নতুন রঙের প্রলেপে মায়ের মন্দির গুলোকে সাজিয়ে তোলার পাশাপাশি মৃৎ শিল্পীদের চুড়ান্ত ব্যস্ততাও লক্ষ্য করা গেছে।
