গোপাল সিং, খোয়াই, ২৩ আগষ্ট ৷। শতাব্দীর সবচাইতে হৃদয় বিদারক ত্রাণ শিবিরটি অনুষ্ঠিত হলো রবিবার। রাজ্যের বুকে একই সাথে ১০,৩২৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকুরীচ্যুতির ঘটনা ভূবিশ্বে বিরলতম ঘটনার মধ্যে একটি হতেই পারে। আর এই শিক্ষকরাই আজ চাকুরীচ্যুতির ৫ মাস অতিবাহিত হতে চললেও পরিবার নিয়ে যারপরনাই চিন্তিত। এর মধ্যেই রবিবার দেখা গেল এক ভিন্ন ঘটনা। এরূপ ঘটনা নজিরবিহীন। ক্ষতিগ্রস্ত শিক্ষকরা একে অপরকে সহায়তার হাত বাড়িয়ে দিতে ত্রাণ শিবিরের আয়োজন করল। ১০,৩২৩ এর মধ্যে কয়েকটি সংগঠনের সৃষ্টি হলেও বর্তমান সরকারের প্রতি আস্থা রেখে যে সংগঠন কাজ করছে সেটি হলো ‘অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠন’। উক্ত শিক্ষক সংগঠনের উদ্যোগেই এদিন খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সম্মুখ প্রাঙ্গনে এই বিশেষ ‘ত্রাণ শিবির’ অনুষ্ঠিত হয়।
চাকুরী হারিয়ে ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকারা নিজেদের পরিবার নিয়ে ভীষণ কষ্টে দিন যাপন করছেন। যদিও বর্তমান শাসক দল এবং সরকারের উপর অধিকাংশ শিক্ষকেরই গভীর আস্থা রয়েছে। কিন্তু তারপরও কর্মহীন অবস্থায় প্রায় পাঁচ মাস অতিক্রান্ত। ‘নুন আনতে ফানতা ফুরায়’ অবস্থার মধ্যে কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে সবজি বিক্রি করছেন, মাছ বিক্রি করছেন, কেউ মাংস বিক্রি করছেন, আবার কেউ দিনমজুরি কাজ করছেন।এই সঙ্কটপূর্ণ মুহুর্তে সংগঠনগতভাবে কিঞ্চিত পরিমান হলেও নিজেদের পাশে দাঁড়িয়ে একে অপরকে খানিকটা হলেও ত্রাণ দিয়ে সহযোগিতা করে পরিবারগুলোর খানিকটা হলেও উপকার হবে বলে অভিমত ব্যক্ত করলেন এ.টি.১০৩২৩.ভি.টি.এ. রাজ্য সভাপতি শ্রীযুক্ত প্রদীপ বণিক। সাথে ছিলেন রাজ্য সম্পাদক অরবিন্দ শর্মা সহ রাজ্য এবং জেলাস্তরের কর্মীবৃন্দগণ।
সরকারী নীতি-নির্দশিকা মেনে হয় এদিন অনুষ্ঠান। খোয়াই মহকুমার মোট ২০ জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সভাপতি প্রদীপ বণিক। একইদিনে সংগঠনের ধারাবাহিক কর্মসুচির অঙ্গ হিসাবে কল্যানপুরে এক বিশেষ রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়। উক্ত রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক পিণাকী দাস চৌধূরী। চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের মধ্য থেকেই মোট ২১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠনের উদ্যোগের ভুয়সী প্রশংসা করে ১০,৩২৩ কে আশ্বস্ত করলেন বিধায়ক পিণাকী দাস চৌধূরী।
