দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধিতে সাব্রুমে বিশেষ মক ড্রিল

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৯ অক্টোবর || আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাব্রুম মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ মক ড্রিল। শুক্রবার দুপুর ১২টা নাগাদ দক্ষিণ ত্রিপুরা জেলার সাতচাঁদ আরডি ব্লকের অধীন দৌলবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার একটি জলাশয়ে এই মহড়ার আয়োজন করা হয়।
বন্যা কিংবা অন্যান্য জলজনিত প্রাকৃতিক দুর্যোগের সময় কীভাবে দ্রুত বিপদগ্রস্তদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায় এবং কীভাবে জরুরি পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব, তা তুলে ধরতেই এই মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় অংশগ্রহণ করে ইমারজেন্সি সার্ভিস, ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর), দক্ষিণ ত্রিপুরা ডিজাস্টার টিম এবং সাব্রুম মহকুমা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। দুর্যোগের সময় বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বজায় রেখে দ্রুত ও কার্যকরভাবে উদ্ধার অভিযান পরিচালনার কৌশল মহড়ার মাধ্যমে প্রদর্শন করা হয়।
এদিনের মহড়ার অন্যতম আকর্ষণ ছিল জলাশয়ে ডুবুরি নামিয়ে উদ্ধারকাজের অনুশীলন। জলাশয়ে কেউ ডুবে গেলে কিংবা বন্যার জলে কেউ আটকে পড়লে কীভাবে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে বিপদগ্রস্তদের নিরাপদে ফিরিয়ে আনা যায়, তা হাতে-কলমে তুলে ধরেন উদ্ধারকারী দলের সদস্যরা।
পুরো কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাব্রুমের মহকুমা শাসক সুমন রক্ষিত। দুর্যোগের সময় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, দ্রুত উদ্ধার অভিযান এবং বিভিন্ন জরুরি পরিষেবা বিভাগের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের মক ড্রিলের মাধ্যমে সেই প্রস্তুতিকেই আরও জোরদার করার বার্তা দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*