গোপাল সিং, খোয়াই, ১০ অক্টোবর || প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মার সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আবহে খুমুলুঙ-এ অনুষ্ঠিত টিটিএএডিসি -এর পরিষদীয় অধিবেশনে ঐতিহাসিক সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে। ২রা মার্চ ২০২৪-এ ভারত সরকার, ত্রিপুরা সরকার ও তিপ্রামথা পার্টির মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষী ‘তিপ্রাসা একর্ড’ নির্দিষ্ট সময়সীমার মধ্যে রূপায়নের দাবি জানিয়ে কার্যনির্বাহী সদস্য চন্দ্র কুমার জামাতিয়া ২১৪ নম্বর বিধির অধীনে এই প্রস্তাব পেশ করেন। আগামী ১ মাসের মধ্যে চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া শুরুর জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সমর্থনসূচক আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জনজাতির ইতিহাস, জমির অধিকার, রাজনৈতিক আধিকারিক সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং ভাষা-সংস্কৃতি রক্ষার যে অঙ্গীকার করা হয়েছিল, তা সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। তিপ্রামথা পার্টির নেতৃত্ব স্পষ্ট ঘোষণা করে যে, বুবাগ্রা প্রদ্যোৎ বিক্রমের আদর্শ অনুযায়ী কোনো আপস ছাড়াই এই চুক্তি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। ‘তিপ্রাসা একর্ড’ বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক সমর্থন ও শান্তিপূর্ণ সহযোগিতার জন্য এডিসি এলাকার সমস্ত জনগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে; প্রদ্যোৎ বিক্রমের ঘোষণার পর খুমুলুঙ জেলা পরিষদের এই পদক্ষেপে রাজ্যের রাজনীতিতে চুক্তি রূপায়নের দাবি নতুন মাত্রা পেল।
